রাজধানীর নর্দ্দা এলাকায় বাসেরচাপায় এক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী (২০)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহন নামের বাসের চাপায় ওই শিক্ষার্থী নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়েছিল। সকাল সাড়ে ৭টার দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবিতে স্লোগান দিচ্ছিলেন।
অবরোধের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

