চায়ের গড় দাম ফের মন্দাবস্থায় ফিরেছে। একই চিত্র দেখা গেছে এপ্রিলেও। ইন্টারন্যাশনাল টি কমিটির (আইটিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের অক্টোবরে আন্তর্জাতিক বাজারে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ২ ডলার ৯৩ সেন্ট। পরের মাসে পানীয় পণ্যটির গড় দাম কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ। এ সময় ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি কেজি চা বিক্রি হয় ২ ডলার ৮৩ সেন্টে, যা আগের মাসের তুলনায় কেজিপ্রতি ১০ সেন্ট কম। চায়ের গড় দামে এ মন্দাভাব দেখা গেছে ডিসেম্বরেও। এ সময় ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি কেজি চা বিক্রি হয় ২ ডলার ৬৬ সেন্টে, যা আগের মাসের তুলনায় কেজিপ্রতি ১৭ সেন্ট কম।
পরপর দুই মাসের মন্দাভাব কাটিয়ে চলতি বছরের শুরুতে চাঙ্গা হয়ে ওঠে চায়ের আন্তর্জাতিক বাজার। গত জানুয়ারিতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ২ ডলার ৭৮ সেন্ট, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৫১ শতাংশ বেশি। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে পানীয় পণ্যটির গড় দাম কেজিতে ১২ সেন্ট বেড়েছে। ফেব্রুয়ারিতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি কেজি চায়ের দাম আগের মাসের তুলনায় ১ দশমিক ৪৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ ডলার ৮২ সেন্টে। অর্থাৎ, মাসাহান্তে পানীয় পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৪ সেন্ট।
দুই মাসের তেজিভাবের পর মার্চে ফের চায়ের দামে মন্দাভাব ফিরে আসে। এ সময় আন্তর্জাতিক বাজারে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি কেজি চা বিক্রি হয় ২ ডলার ৬৫ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ কম।
