করোনাভাইরাস যেন সব উল্টেপাল্টে একাকার করে দিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে পৃথিবী থেমে গেছে অনেক আগেই। স্থবির হয়ে পড়েছে বিশ্বের জনজীবন। তেমনই করে স্তব্ধ হয়ে পড়েছে ১৩০ কোটি মানুষের দেশ ভারতও।
করোনার কারণে দেশটিতে চলছে লকডাউন। মানুষ না থাকায় ভিড়ও কম, চলছে না গাড়ি। ফলে দূষণ কমেছে বেশ। সে জন্যই বিভিন্ন প্রাণী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছন্দে। ময়ূর, বানর থেকে শুরু করে হরিণ, হাতির পালও নেমে এসেছে রাস্তায়।
জানা গেছে, দেশটির রাষ্ট্রপতির ভবনের আশেপাশের রাস্তাগুলো দখল করে নিয়েছে শত শত বানর। দিল্লির রাস্তা দখল করে নিয়েছে বানররা। তারা স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন ধরনের জিনিস-পত্র চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষের শরীরে আঘাত করছে না।
ভারতীয় ফরেস্ট সার্ভিসের এক তরুণ কর্মকর্তা সুশান্ত নন্দা জানিয়েছেন, লকডাউনের কারণে উড়িষ্যার উপকূলে অলিভ রিডলে অসংখ্য কচ্ছপ মানুষের নজর এড়িয়ে অনেক শান্তিতে ডিম পাড়তে পারছে।
ভারতের মুম্বাইয়ের রাস্তায় সম্প্রতি ঘুরতে দেখা গিয়েছে ময়ূর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন মানব মাঙ্গলানি নামের এক আলোকচিত্রী। ফেসবুকে ময়ূরের ছবি পোস্ট করে ওই আলোকচিত্রী লিখেছেন, ময়ূররা বেরিয়ে এসেছে এবং নাচছে মুম্বাইয়ের ফাঁকা রাস্তায়।
উত্তরাখন্ড রাজ্যের দুই ব্যস্ত শহর হরিদ্বার আর দেরাদুনে হাইওয়েগুলো স্তব্ধ তখন সেই অভয়ারণ্য থেকে হাঁটতে হাঁটতে একপাল বড় শিংওয়ালা হরিণ চলে এসেছিল হরিদ্বার শহরে।
চন্ডিগড়েও এক হরিণ দলকে শহরের রাস্তা পেরোতে দেখা গেছে। দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরে যাওয়ার পাহাড়ি রাস্তায় এখন অবাধে বিচরণ করছে স্পটেড ডিয়ার বা চিতল হরিণের পাল।
আসাম ও অরুণাচল সীমান্তে পাসিঘাট ফরেস্ট এলাকায় নিশ্চিন্তে ও দুলকি চালে রেললাইন পেরোতে দেখা গেছে দাঁতাল হাতির বিশাল এক পালকেও।
পৃথিবী যখন এক ক্ষুদ্র অণুজীবের হাতে জিম্মি, মানুষ যেখানে বাঁচার উপায় খুঁজতে নিজেদের বন্দী করে রেখেছে- সেখানে অবলা প্রাণীগুলো খোলা আকাশের নিচে দাড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে।
সূত্র: আরএফআই।

