বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ছাত্রীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় তেতুঁলতলা এলাকার বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শীলা হালদার (২৪), মানিক সিকদার (৪০), খোকন (৩৫), সোহেল (২৫) ও ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইউনুস আলী জানিয়েছেন, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকাধীন তেঁতুলতলা নামক স্থানে স্বরূপকাঠি থেকে বরিশালগামী দুর্জয় পরিবহনের একটি বাসের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজছাত্রী শীলার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান।
এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানিক ও খোকনকে মৃত বলে ঘোষণা করেন। এর পর চিকিৎসাধীন মাহেন্দ্রচালক সোহেল ও ৫০ বছর বয়সী অজ্ঞাত নারী মারা যান।
আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- দুলাল হাওলাদার (৩৫), তন্নি আক্তার (১৭), শিশু তাইয়ুম (৭), তার মা পারভীন বেগম (৩০), সুমন (২৫) ও সাত বছর বয়সী এক শিশু। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

