জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ বাংলাদেশে ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার করা হয়েছে।
আজ ২ এপ্রিল (মঙ্গলবার) ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান ‘জাদু ডিজিটালের’ কাস্টমার সার্ভিস কর্মকর্তা ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল (সোমবার) বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই মাসে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটে। সেসময় এ নিয়ে পত্র-পত্রিকায় বেশ লেখালেখি হয়। সেসব বিষয়ে প্রাধান্য দিয়ে ওই বছরের আগস্ট মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী। রিটে উল্লেখ করা হয়, ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনের কতিপয় ধারা লংঘনের মাধ্যমে এই সমস্ত চ্যানেল বাংলাদেশে প্রচারিত হচ্ছে। রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলে স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
সেসময় কোনো উচ্চবাচ্য করা না হলেও, প্রায় পাঁচ বছর পর সেসব চ্যানেল বন্ধের বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। স্থায়ীভাবে এসব চ্যানেল বন্ধ থাকবে, না পরবর্তীতে আবার চালু করা হবে – এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি।

