বিক্রি কমল স্মার্টফোনের



বৈশ্বিক স্মার্টফোন বাজারে ডিভাইস বিক্রি কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। এর ফলে ২০০৪ সালের পর প্রথমবারের মতো বিক্রি কমল স্মার্টফোনের। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
ডিভাইস বিক্রির দিক থেকে স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং। তবে শীর্ষ পাঁচ ডিভাইস নির্মাতার মধ্যে হুয়াওয়ে ও শাওমি বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে। চীনভিত্তিক এ দুই প্রতিষ্ঠানের এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ডিভাইস বিক্রি বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৬ ও ৭৯ শতাংশ।
গার্টনারের গবেষণা পরিচালক আনশুল গুপ্ত বলেন, বিশ্বব্যাপী এখনো অনেক মানুষ ফিচার ফোন ব্যবহার করছেন। বাজারে মানসম্মত ও খুবই সাশ্রয়ী স্মার্টফোনের অনুপস্থিতি এবং ভালোমানের ফিচারফোনের প্রতি গ্রাহকদের আগ্রহ— এ দুই কারণে ফিচারফোনগুলো স্মার্টফোনে হালনাগাদের কাজটি কোম্পানিগুলো আর করছে না। আর স্মার্টফোন ব্যবহারকারীরা আরো মানসম্মত মডেলে ঝুঁকছেন এবং সেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। অন্যদিকে হাই-এন্ড স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ডিভাইস হালনাগাদের প্রবণতা কমে গেছে।
তিনি বলেন, বিশ্বের উদীয়মান স্মার্টফোন বাজারগুলোয় চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোরজির ব্যবহার শুরু হয়েছে। বাজারে হাই-এন্ড ফোরজি সমর্থিত এবং ভালো মানের ক্যামেরাসংবলিত স্মার্টফোনের এখনো উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। তবে নতুন মডেলগুলোয় খুব বেশি নতুনত্ব না থাকায় পুরনোগুলো নিয়ে সন্তুষ্ট থাকছেন গ্রাহকরা। ফলে স্মার্টফোন বিক্রি কমছে। এ কারণে ডিভাইস বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে ডিভাইস বিক্রির দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির স্মার্টফোনের বিক্রি ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বার্ষিক ডিভাইস বিক্রি কমেছে ৫ শতাংশ। বৈশ্বিক শীর্ষ পাঁচ ডিভাইস নির্মাতার তালিকায় থাকা অপোর বিক্রি কমেছে ৩ দশমিক ৯ শতাংশ।
২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে শীর্ষ পাঁচ ডিভাইস নির্মাতারই বৈশ্বিক বাজারে দখল বেড়েছে। বাজার দখল বিবেচনায় প্রান্তিকটিতে স্যামসাং ও অ্যাপলের সঙ্গে অন্য ডিভাইস নির্মাতাদের দূরত্ব কমেছে।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে মেট ১০ লাইট, অনার ৬সি প্রো এবং এনজয় ৭ এসের মতো ডিভাইসগুলো দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে হুয়াওয়ে। অন্যদিকে শাওমি এমআই এবং রেডমি সিরিজের ডিভাইসগুলো দিয়ে স্মার্টফোন বাজারে তাদের অবস্থান আরো দৃঢ় করতে সমর্থ হয়েছে। বিশেষ করে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এসব ডিভাইস দিয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে চীনের বাজারে শীর্ষ অবস্থান দখলে নিতে সমর্থ হয়েছে শাওমি।
আনশুল গুপ্ত বলেন, হুয়াওয়ের পরবর্তী প্রবৃদ্ধি নির্ভর করছে প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদীয়মান বাজার ও যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণের ওপর। তবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটির ডিভাইস ব্যবসা জোরদার সহজ হবে না। দেশটিতে সাধারণত সেলফোন অপারেটরদের মাধ্যমে ডিভাইস বিক্রি করতে হয়। কিন্তু এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন এরই মধ্যে হুয়াওয়ের ডিভাইস বিক্রি না করার তথ্য জানিয়েছে।