প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
আজ রোববার রাতে তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে ফখরুলকে ডিবি অফিসে আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান তাকে আটক করে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনঃ সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই বিএনপির মহাসমাবেশ: মির্জা ফখরুল
পরে বিএনপি মহাসচিবকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নেতারা যখন মিটিং করেছেন তখনই পুলিশের ওপর হামলা হয়েছে। এসব হামলার দায় দলটির নেতারা এড়াতে পারেন না। এজন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে।
সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শনিবার বিএনপির সমাবেশস্থলে হামলা ও সহিংসতার ঘটনায় তাদের দলের মহাসচিবকে আটক করা হয়েছে। সহিংসতায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

