বিমানবন্দরের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন ধোনি



মাঠের খেলার সময়সূচি বড্ড বেরসিক। বিশ্রামের সময়টুকু দেয় না। আইপিএলের ব্যস্ত সূচিতে নিঃশ্বাস ফেলার জো নেই। তারপরও ক্লান্তি আসে, দু’চোখ ভেঙে ঘুম আসে।

আর তাইতো চেন্নাই এয়ারপোর্টে সুযোগ পেয়েই ঘুমিয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। যোগাযোগ মাধ্যমে এমন ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে দেখা যায়, ক্লান্ত ধোনি বিমানে উঠার আগে অপেক্ষার সময়টায় একটি ব্যাগকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়লেন চেন্নাই বিমানবন্দরের মেঝেতেই।

ভাইরাল করেছে স্বয়ং ধোনি নিজেই। চেন্নাই সুপার কিংস অধিনায়ক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আইপিএলের সময়সূচির সঙ্গে মানিয়ে নেয়ার পর যদি সকালের ফ্লাইট থাকে তবে এমনই হয়।’

বিশ্বকাপ সামনে বলেই এবারের আইপিএলের সূচি একটু বেশিই আঁটোসাঁটো। ম্যাচের এমন সময়সূচি নিয়ে কম সমালোচনা হইনি। কোনো কোনো দলকেই তিনদিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে হচ্ছে। এর মধ্যে ভ্রমণের ঝামেলা তো আছেই।

তাই সুযোগ পেলেই একটু ঘুমিয়ে নেওয়া। পরের খেলাতেও যে ফুরফুরে মেজাজে লড়তে হবে।