৩১শে মে, লর্ডসে বিশ্ব একাদশ ও উইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হবে একমাত্র টি টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে বিশ্ব একাদশের দলে ডাক পেয়েছেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এই ম্যাচ থেকে অর্জিত অর্থ দেওয়া হবে উইন্ডিজে বন্যায় ক্ষতিগ্রস্থ স্টেডিয়ামের সংস্কারের কাজে। উইন্ডিজ দলের নেতৃত্বে থাকবেন কার্লোস ব্রেথওয়েট। এছাড়াও বিশ্ব কাঁপানো টি টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা খেলবেন উইন্ডিজ দলে। এছাড়াও উইন্ডিজ দলে থাকবেন স্যামুয়েল বদ্রি, মারলন স্যামুয়েলসরাও।
বিশ্ব একাদশে সুযোগ পেয়ে উচ্ছসিত তামিম। এর আগেও পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বিশ্ব একাদশের প্রতিনিধিত্ব করেন তিনি। এবার বাংলাদেশ থেকে তার সাথে যুক্ত হবেন সাকিব আল হাসান। বন্যায় ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম সংস্কারে অর্থ ব্যয়কে সাধুবাদ জানান তিনি।
গতকাল আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা, যেখানে সবাইকে এক করে। সবার মধ্যে দূরত্ব কমিয়ে দেয় এবং দুই দেশের মধ্যে সেতু বন্ধন করে। আমি সম্মানিত বোধ করছি আমাকে নির্বাচিত করায় এবং বিশ্ব একাদশকে দ্বিতীয় বার প্রতিনিধি করতে পারায়। ক্রিকেটে উইন্ডিজের ভূমিকা অনেক। এই ম্যাচের মধ্য দিয়ে যদি একটি ক্ষতিগ্রস্থ স্টেডিয়ামের নির্মান কাজ হয় সেটা অবশ্যই ইতিবাচক।’
ক্রিকেটের তীর্থস্থান বলা হয় লর্ডসকে। সেই লর্ডসে খেলা যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। এ বিষয়ে তামিম বলেন, ‘লর্ডসে খেলা যেকোন ক্রিকেটারের জন্যই সম্মানের ব্যাপার। আমি সর্বশেষ ২০১০ সালে এইখানে খেলেছিলাম। এই ম্যাচের মধ্য দিয়ে আমার স্মৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই। বর্তমান যুগের সেরা ক্রিকেটারদের সাথে কিংবা বিপক্ষে খেলা আমার স্মৃতিকে আরও সমৃদ্ধ করবে।’
বিশ্ব একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের ইয়ন মরগান। এছাড়াও দকে আছেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক।
