শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তা হয়ত বলে দিতে হবে না। টুর্নামেন্টে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই।
জিততেই হবে, এমন চিন্তা মাথায় নিয়ে খেলতে চায় বাংলাদেশ। তবে এতে বাঁধ সেধেছে বৃষ্টি। বৃষ্টির জন্য মাঠে বল না গড়ানোর শঙ্কা থেকেই যাচ্ছে। এই শঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠা দিয়ে সময় পার করছে সমর্থকরা।
ব্রিস্টলের আকাশে মেঘ, ঝরছে বৃষ্টি। ইংল্যান্ডের আবহাওয়ার খবরে বলা হয়েছে, এই বৃষ্টি পড়বে আজ সারাদিন। সেক্ষেত্রে খেলা হওয়ার সুযোগ খুবই ক্ষীণ।
মাঝে বৃষ্টি থামার কথা বলা হলেও তা হয়ত একটি ম্যাচ পরিচালনা করার জন্য যথেষ্ট হবে না। আর তা হলে, ম্যাচ পরিত্যক্ত হলে একটি পয়েন্ট ভাগাভাগি হবে দুই শিবিরে।
বিশ্বকাপের আগে যে দল গুলোকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া, শ্রীলঙ্কা তাদের মধ্যে অন্যতম। ম্যাচটি না হলে অনেকটাই পিছিয়ে যেতে হবে।
সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সেক্ষেত্রে পূর্ণ দুই পয়েন্ট আশা করতেই পারে বাংলাদেশ। তবে খেলা হতে হবে। আর না হলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
এর আগে এই মাঠেই শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। গতকাল ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার খেলাও পরিত্যক্ত হয়েছে। ফলে দলগুলি সমান এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট ছিল।

