গত বছরের চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর থেকেই বৈশ্বিক এ মহামারির ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বের বিভিন্ন দেশে।
বিশ্ব সাস্থ্য সংস্থার তথ্য মতে, সারা বিশ্বে একশোটিরও বেশি করোনা প্রতিষেধক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার মধ্যে অন্তত ১২টি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে।
এবার ভারতে করোনা ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। জানা গেছে, হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেকের জুলাই থেকেই শুরু হচ্ছে টিকার হিউম্যান ট্রায়াল।
‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউটের গবেষকরা যৌথভাবে তৈরি করেছেন ভারতের প্রথম করোনা টিকা।
ভারতীয় চিকিৎসকরা বলছেন, ভারতীয় বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক হিউম্যান ট্রায়ালের জন্য ছাড়পত্র পাওয়ায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে অনেকটাই এগিয়ে দিল।
এছাড়া চীনা ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোফার্মের বিজ্ঞানীরা দাবি করেছেন, তাদের তৈরি করোনা প্রতিষেধক ভাইরাসের বিরুদ্ধে ১০০ শতাংশ সক্রিয় অ্যান্টিবডি তৈরিতে সক্ষম!
এ দিকে করোনা প্রতিষেধকের দৌড়ে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি টিকা! ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওই টিকার উৎপাদনের কাজ।
ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ‘অ্যাস্ট্রা জেনিকা’ ও বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করছেন এ টিকা।

