ভেনিজুয়েলার অর্থনীতিতে ইতিহাসের ভয়াবহতম পতন



ভেনিজুয়েলার অর্থনৈতিক ধসকে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পতনের একটি বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
চলতি বছর দেশটির অর্থনীতি ১৫ শতাংশ সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে। গত পাঁচ বছরে তা ৪৫ শতাংশ সংকুচিত হয়।
আইএমএফের পশ্চিম গোলার্ধ বিভাগের পরিচালক আলেহান্দ্রো ওয়ার্নার বলেন, গত অর্ধশতকে যেসব অর্থনীতির পতন হয়েছে, তার মধ্যে ভেনিজুয়েলার পরিস্থিতিই ভয়াবহ। সাংবাদিকদের ওয়ার্নার বলেন, ‘আধুনিক অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক পতনগুলোর একটি এটি।’
প্রবৃদ্ধি সংকোচন ছাড়াও ভেনিজুয়েলা বর্তমানে উচ্চমূল্যস্ফীতির সংকটে রয়েছে। আইএমএফের কর্মকর্তা ওয়ার্নার ধারণা করছেন, ভেনিজুয়েলায় মূল্যস্ফীতি ১৩ হাজার শতাংশ দাঁড়াবে। এছাড়া গত ১৮ মাসে তেলসমৃদ্ধ দেশটিতে অপরিশোধিত তেল উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা নগদ অর্থসংকটে থাকা দেশটির জন্য বড় এক সমস্যা।
এছাড়া খাদ্য ও ওষুধের অভাবে থাকা দেশটির সাধারণ মানুষ ক্রমে ক্ষুব্ধ হয়ে উঠছে, গত বছরের মারাত্মক বিক্ষোভেই যার আভাস পেয়েছে দেশটি।