মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৩৪


paperslife

মালিতে দুটি গ্রামে হামলা চালিয়ে বন্দুকধারীরা অন্ততপক্ষে ১৩৪ পশুপালককে হত্যা করেছে।

আজ শনিবার ভোর ৪টার (স্থানীয় সময়) দিকে ডনজো শিকারীদের ঐতিহ্যগত পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালিয়েছে।

সেখানকার নিকটবর্তী শহর বানকাসের মেয়র মুলাই গুইন্দো জানান, প্রায় ভোর ৪টার (স্থানীয় সময়) দিকে হামলাকারীরা ওগোসাগু গ্রামের চারদিক ঘেরাও করে হামলা শুরু করে। এরপর তারা নিকটবর্তী আরেক ফুলানি গ্রাম ওয়েলিংগারাতেও হামলা চালায়। গ্রামপুলিশরা এ পর্যন্ত ১৩৪টি মৃতদেহ খুঁজে পেয়েছেন।”

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।

এদিকে ওগোসাগুর নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, গত সপ্তাহে চালানো এক হামলায় ২৩ সৈন্য নিহতের দায় শুক্রবার স্বীকার করেছে আল কায়েদার অনুগত একটি গোষ্ঠী, তার জেরেই এ হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে।

সেনা হত্যার দায় স্বীকার করে ওই গোষ্ঠীটি বলেছিল, ফুলানি গোষ্ঠীর বিরুদ্ধে মালির সেনাবাহিনী ও মিলিশিয়াদের সহিংসতার জবাব ওই হামলা।

স্থানীয় বিভিন্ন নৃগোষ্ঠী ও জঙ্গিগোষ্ঠীর সহিংসতায় মালির কেন্দ্রীয় অঞ্চলের পরিস্থিতি নাজুক হয়ে উঠছে। এই সহিংসতা পশ্চিম আফ্রিকার পুরো সাহেল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। এসব সহিংসতায় গত বছর কয়েকশ লোক নিহত হয়েছিল।

হানাহানির সমাধান খুঁজতে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি মিশন মালি পরিদর্শন করেছে। তার মধ্যেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলার এ ঘটনাটি ঘটল।