অগ্রণী ব্যাঙ্কের শেষ ওভারে দরকার ছিল ১৩ রান, হাতে চারটি উইকেট। মাশরাফি এলেন, দেখলেন, বল করলেন। সবকিছু জিতে নিয়ে ধ্বংস করে দিলেন প্রতিপক্ষকে। শেষ ওভারের মাশরাফিতে অনেক অভিযোগ। কিন্তু এদিন ফতুল্লা’র বাইশ গজ দেখলো অন্য মাশরাফিকে। ঠিক যেন তরুণ মাশরাফিই জিতে নিলেন সবকিছু।
শেষ ওভারের প্রথম বলে আসে এক রান। এরপরই যেন ধ্বংসযজ্ঞ শুরু। জয়রাজ শেখের হাতে ক্যাচ দিয়ে আউট ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক আউট নাজমুল হোসেন শান্তর হাতে বল তুলে দিয়ে, শফিউল ইসলামকে তালুবন্দি করেন সাইফ হাসান এবং সবশেষে ফজলে রাব্বী ধরা পড়েন মোহাম্মদ মিথুনের হাতে।
শেষ চার বলে চার উইকেট তুলে নিয়ে মাশরাফি জানান দিলেন এখনো তিনি আছেন। এখনো প্রয়োজনে বল হাতে ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরাতে পারেন। যেখানে বাংলাদেশের অন্য পেসাররা প্রতিনিয়ত ব্যর্থ সেখানে বুড়ো মাশরাফি আজো ত্রাস ছড়িয়ে যান, অস্তিত্ব রেখে যান নিজের। এটি ডিপিএলের চলতি লীগের তৃতীয় হ্যাট্রিক।
এর আগে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯০ রান করে আবাহনী। ১২৩ বলে ১৩৩ করে অপরাজিত থাকেন শান্ত। এছাড়া মোহাম্মদ মিথুন ৪৬, নাসির হোসেন ২৫, সাইফ হাসান ২৪, আনামুল হক ২৩ এবং মোসাদ্দেক হোসেন ১৯ রান করেন। অগ্রণী ব্যাংকের পক্ষে আল আমিন হোসেন ও সালমান হোসেন দুইটি এবং আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম একটি করে উইকেট লাভ করেন।
জবাবে জয়ের আশা জাগালেও মাশরাফির শেষ ওভারের ধ্বংসযজ্ঞে ২৭৯ রানে অল আউট হয় অগ্রণী ব্যাংক। শাহরিয়ার নাফিস ১২১, রাজা আলী দার ৬২ এবং ধীমান ঘোষ ৪৬ রান করেন। শেষ চার বলে চার উইকেটসহ মাশরাফি তুলে নেন ছয় উইকেট।
মাশরাফির আবাহনী জিতে ১১ রানে। এ জয়ের ফলে আট ম্যাচে সাত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ধানমন্ডির ক্লাবটি।
