গ্রাম আছে, তবে সে গ্রামে কোনো রাস্তা নেই। এমন কথা শুনলে নিশ্চয়ই অবাক হবেন। অবাক হওয়ারই কথা! রাস্তা না থাকলে মানুষ চলাচল করে কিভাবে? তবে সে উপায়ও আছে।
চলুন যাওয়া যাক সে গ্রামের অভ্যন্তরে-
নেদারল্যান্ডসের ছোট্ট এবং সুন্দর একটা গ্রাম গিয়েথুর্ন। ১৯৫৮ সালে ডাচ ফিল্মমেকার বার্ট হান্সট্রা তার কমেডি ফিল্ম ‘ফ্যানফেয়ার’-এর শুটিং এই গ্রামে করার পর গ্রামটা বিশ্বের নজরে আসে।
এই গ্রামে এমন এক বিশেষত্ব রয়েছে, যা বিশ্বের অন্য কোনও গ্রামে নেই। এই গ্রামে যাতায়াতের জন্য কোনও সড়কপথ নেই। আর তাই নেই কোনো গাড়ি। যানবাহনের কোলাহল থেকে মুক্ত এই শান্ত গ্রামটি তাই হয়ে উঠেছে পর্যটকদের প্রিয়।

যদি রাস্তাই না থাকে, তাহলে গ্রামের মানুষেরা যাতায়াত করেন কীভাবে? সে উপায়ও আছে।
গ্রামের প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে জলপথ। আর এই জলপথেই গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যান বাসিন্দারা। এর জন্য যে নৌকা ব্যবহার করা হয়, গ্রামের শান্ত পরিবেশ বজায় রাখতে তাতে নীরব ইঞ্জিন লাগানো থাকে। আর হেঁটে জলপথ পার হওয়ার জন্য রয়েছে ১৫০টি সেতু।
এই গ্রামকে নেদারল্যান্ডস-এর ভেনিসও বলা হয়। ১২৩০ সালে এই গ্রাম প্রতিষ্ঠার সময় এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট বড় ফাঁপা অংশ ছিল। গ্রামে মানুষ বসবাস শুরু করার পর, সেগুলো খুঁড়ে বার করতে শুরু করল।
বছরের পর বছর ধরে সেগুলো খুঁড়ে বার করার ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোটখাটো হ্রদ তৈরি হয়। সেগুলোকেই জুড়ে জুড়ে ক্যানাল রোড তৈরি হয়েছে।

