চলতি আগস্ট মাসের প্রথম ৩০ দিনে প্রবাসীরা দেশে ২২২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা প্রতিদিন গড়ে ৭ কোটি ৪৩ লাখ ডলার। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের আগস্টে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ ডলার। এ বছর তা ১.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু ২৮ থেকে ৩০ আগস্টের তিন দিনেই প্রবাসীরা ১৪ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট ৪৭০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের তুলনায় ১৪.৮০ শতাংশ বেশি।
গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এই প্রবৃদ্ধির পেছনে প্রবাসীদের আস্থা বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলের উন্নতি এবং সরকারের প্রণোদনা কার্যকর ভূমিকা রেখেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

