করোনাভাইরাসের কারণে বিশ্বের বেশিরভাগ দেশই রয়েছে লকডাউনে। বাজার করা থেকে শুরু করে অফিসের কাজ, পড়ালেখা, বিনোদন, যোগাযোগের কত দৈনন্দিন কাজগুলো অনেকেই অনলাইনে সেরে নিচ্ছেন।
এতে সামাজিক দুরত্ব বজায় থাকলেও এর নেতিবাচক দিকটিও কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয়। প্রতিদিন বেশ লম্বা একটা সময় ডিজিটাল পর্দার দিকে তাকিয়ে থাকার কারণে মারাত্মক হুমকির মুখে রয়েছে আমাদের চোখ, বিশেষ করে শিশুদের চোখ।
জেনে নেওয়া যাক লম্বা সময় পর্দার দিকে তাকিয়ে কাটানোর ফলে ঠিক কী ধরনের সমস্যায় পড়তে পারি আমরা এবং সমস্যার প্রতিকারে কী করা উচিত আমাদের-
দীর্ঘসময় পর্দার সামনে বসার পর আপনার চোখ ঝাপসা হয়ে আসে? ঘাড়ে ব্যথা থাকে? মাথা ব্যথা করে? চোখ শুকিয়ে যায়? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সম্ভবত এরই মধ্যে ভূগতে শুরু করেছেন ‘কম্পিউটার ভিশন সিনড্রোমে’। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে তুলে ধরেছিল এ সমস্যাটির কথা।
প্রতিদিন তিন ঘণ্টার বেশি পর্দার দিকে তাকিয়ে থাকলে এ সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক গবেষকই এ সমস্যাটিকে “একুশ শতকের এক নম্বর কাজের বিড়ম্বনা” – হিসেবে বর্ণনা করেছেন।
লম্বা সময় পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের নিঃসরণে আসতে পারে পরিবর্তন। অন্তত সেরকম তথ্যই উঠে এসেছিল ২০১৪ সালে জাপানে হওয়া এক গবেষণায়।
প্রধান গবেষক এবং কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইউচি উচিনো বলছেন, চোখের উপরিভাগের পাতার নিঃসরিত এমইউসি৫এসি নিঃসরণ চোখের আর্দ্রতায় ভূমিকা রাখে। লম্বা সময় পর্দার দিকে তাকিয়ে যাদের কাজ করতে হয়, তাদের চোখের ওই নিঃসরণটিতে পরিবর্তন ধরা পড়ছে। তাদের চোখ শুকনো থাকছে।

