শপিং মলে হবে বিশ্বকাপের উদ্বোধন



বিশ্বকাপ ক্রিকেটের দিন গণনা শুরু হয়ে গিয়েছে। দুই মাসেরও কম সময় থাকা এই বিশ্বকাপ নিয়ে দলগুলোর প্রস্তুতি চলছে পুরো দমে। পিছিয়ে নেই, আয়োজক সংশ্লিষ্টরা। ভিন্নতা আনতে এবার বিশ্বকাপের উদ্বোধন মাঠে না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে দ্য মলে। বিখ্যাত এ জায়গাটি ব্রিটিশদের কাছে অনেক গর্বের।

দ্য মল ব্রিটিশদের কাছে গর্বের এক জায়গা। লন্ডনের এই জায়গাকেই বড় কোনো উদযাপনের জন্য বেছে নেওয়া হয়। এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উৎসব করেছে তারা। রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের সুবর্ণজয়ন্তী কিংবা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনা দেওয়ার মত বড় বড় রাজনৈতিক অনুষ্ঠানও হয় এখানে। আইসিসিও বেছে নিচ্ছে ব্রিটিশদের বিখ্যাত জায়গাটি, এবারের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে দ্য মলে।

ইংল্যান্ডে সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল ১৯৯৯ সালে। সে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান পন্ড হয়েছিল বৃষ্টির কারণে। ২০ বছর পর আবারো সেই অনুষ্ঠানকে ‘বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান’ করার ঘোষণা দিয়ে রেখেছে আইসিসি।

২৯ মে মলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময়ে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ১১টা)। এর একদিন পর ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মহারণ।

বিশ্বকাপের আয়োজক কমিটির ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্দি এক বিবৃতিতে জানিয়েছেন।, ‘আমরা পুরো বিশ্বকে দেখাব, কেন তারা পরের ৪৫ দিন ক্রিকেট উপভোগ করবে। বিশ্বকাপ, ক্রিকেট ও খেলাধুলার বৈচিত্র্য উদ্যাপন করব আমরা।’