দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ নিয়ে চলছে নানা আলোচনা। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনও হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনো পরিস্থিতি হয়নি।
সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

