চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইস্পাত কারখানার পক্ষ থেকে বিতরণ করা ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত সবাই নারী ও শিশু। এ ঘটনায় আহত অন্তত ২৫ জন।
আজ সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণের সময় হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন হাসিনা আক্তার (৩০), নূর আয়েশা (৫০), রিনা বেগম (২০), কুন্তুনী বেগম (১৩), রশিদা আক্তার (৫৪) ও জ্যোৎস্না বেগম (২৫)। হাসিনা আক্তার, রিনা বেগম, রশিদা আক্তারের বাড়ি সাতকানিয়ায়। নূর আয়েশা বান্দরবান জেলার সুয়ালক এলাকা থেকে এসেছিলেন। এ ছাড়া কুন্তুনী বেগম ও জ্যোৎস্না বেগমের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হোসেন বলেন, ভিড়ের মধ্যে অতিরিক্ত গরম ও পদদলিত হয়ে নয় নারী মারা যান। এখানে কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছিল।
কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থদের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে।
এর ধারাবাহিকতায় সোমবার নলুয়ায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী বিতরণের ব্যবস্থা হলে সকাল থেকে প্রায় ২০ হাজার লোক জড়ো হয় সেখানে।
