ম্যাগাজিন অ্যাপ সাবস্ক্রিপশন সেবা টেক্সচার কিনতে যাচ্ছে অ্যাপল। অনলাইন কনটেন্ট বা সেবা খাত থেকে আয় বাড়াতে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি এ প্রতিষ্ঠানটি কিনছে। গত সোমবার অ্যাপল এ তথ্য প্রকাশ করেছে। তবে এ চুক্তি সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতি মাসে মাত্র ১০ ডলার ব্যয় করে অ্যাপটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠকরা ২০০টির বেশি ম্যাগাজিন পড়ার সুযোগ পেয়ে থাকেন। এসব ম্যাগাজিনের মধ্যে রয়েছে ফোর্বস, জিকিউ, ওয়ারড, পিপল ও দ্য আটলান্টিক অ্যান্ড ন্যাশনাল জিওগ্রাফিক।
টেক্সচার কেনার বিষয়ে অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার ও সার্ভিস বিভাগের জ্যেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাডি কিউ বলেন, টেক্সচার অ্যাপলের সঙ্গে যুক্ত হতে চলছে, এতে তারা খুবই রোমাঞ্চিত।
বিশ্বস্ত সোর্স থেকে তথ্য সরবরাহের মাধ্যমে তারা মানসম্পন্ন সাংবাদিকতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। ম্যাগাজিনগুলোয় গ্রাহকদের জন্য সুন্দর ডিজাইন ও আকর্ষণীয় আর্টিকেল রাখার ব্যবস্থা করা হবে।
