সুন্দরবনে বেড়েছে রয়েল বেঙ্গল টাইগার


paperslife

সৌন্দর্যের অপার এক লীলাভূমি সুন্দরবন। আর এখানেই বসবাস আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার তথা বাঘের। গত তিন বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে ৮টি।

সুন্দরবনের বাংলাদেশ অংশে বর্তমানে মোট বাঘের সংখ্যা ১১৪টি যার সংখ্যা ২০১৫ সালের বাঘশুমারিতে ছিলো ১০৬টি।

বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে বর্তমানে বেঙ্গল টাইগার কনজারভেশন এ্যাক্টিভিটি পরিচালনার উদ্দেশ্যে মোট চারটি ধাপে তিনটি ব্লকে ১ হাজার ৬ শত ৫৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ক্যামেরা বসিয়ে ২ শত ৪৯ দিন ধরে চালানো হয়েছে একটি জরিপ।

যে জরিপে ৬৩টি পূর্ণ বয়স্ক বাঘ, ৪টি জুভেনাইল বাঘ (১২-১৪ মাস বয়সী) এবং ৫টি বাঘের বাচ্চার (০-১২ মাস বয়সী) ২ হাজার ৪৬৬টি ছবি পাওয়া গেছে। বাংলাদেশ বনবিভাগ বাঘ গণনার কার্যক্রম শেষ করে এ তথ্য জানিয়েছে।

বনবিভাগের তথ্য থেকে জানা যায়, বিগত ২০০১-২০১৮ সাল পর্যন্ত ৩৫টি বাঘ মৃত্যুবরণ করেছে। এগুলোর মধ্যে মাত্র ১০ বাঘের স্বাভাবিক মৃত্যু ঘটেছে বাকি ২৫টির মধ্যে স্থানীয় জনগণের হাতে মৃত্যু ঘটেছে ১৪টি বাঘের, শিকারিদের হাতে নিহত হয়েছে ১০ টি এবং ২০০৭ সালের সিডরে নিহত হয়েছে একটি।

এই নিয়ে তৈরি এক প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে। এমতাবস্থায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারদের।