সূবর্ণচরে গণধর্ষণ : মূলহোতা রুহুলের জামিন আদেশ প্রত্যাহার


ruhul

গেলো বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে দল বেঁধে ধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে দেয়া এক বছরের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। শনিবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিশেষ ব্যবস্থায় এই আদেশ দেন।

এর আগে গত সোমবার (১৮ মার্চ) হাইকোর্টের একই বঞ্চে তাকে জামিন দেন। তবে জামিনের বিষয়ে গত ২১ মার্চ গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে হৈচৈ পড়ে যায় সর্বত্র। বিষয়টি আদালতের নজরে আসলে শনিবার ছুটির দিন থাকা সত্ত্বেও আদেশটি রিকল করে জামিন বাতিল করে আদেশ দেন আদালত।

এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গেলো ২ জানুয়ারি গভীর রাতে উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা এখন নোয়াখালী কারাগারে। রুহুল আমিন ছাড়া কারাগারে থাকা অন্য আসামিরা হলেন সোহেল, বাদশা আলম, জসিম, বেচু, স্বপন, হাসান আলী বুলু ও ছালাউদ্দিন।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ জানান, তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে রাজি না হলে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন যুবক তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর ওই দিন (৩০ ডিসেম্বর) রাতে বাড়িতে গিয়ে তারা তাকে মারধর ও ধর্ষণ করেন।