স্যামসাং-কে ছাপিয়ে শীর্ষে অ্যাপল



ডিভাইস সরবরাহ বিবেচনায় চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন বাজারের শীর্ষস্থান দখলে নিয়েছে অ্যাপল। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং সরবরাহ করেছে ৭ কোটি ৪৪ লাখ ইউনিট স্মার্টফোন। তবে বৈশ্বিক বাজারের ২১ শতাংশ দখলে নিয়ে বার্ষিক হিসাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০১৭ সালে স্মার্টফোন বাজারে বেশ দাপটের সঙ্গে ব্যবসা করেছে চীনা ব্র্যান্ডগুলো। শাওমি, ভিভো, অপো ও হুয়াওয়ে প্রবৃদ্ধির তালিকায় ওপরের দিকে ছিল। এদের মধ্যে শাওমির বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮৩ শতাংশ। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি ৯ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ করে ৬ দশমিক ১ শতাংশ বাজার দখলে রেখেছে। চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৩ কোটি ১০ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে শাওমি। শীর্ষ ব্র্যান্ডের তালিকায় এর অবস্থান ছিল পঞ্চম।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, ২০১৭ পঞ্জিকা বর্ষে অ্যাপলের স্মার্টফোন সরবরাহ ১ শতাংশ কমেছে। এ সময়ে ১৪ শতাংশ বাজার দখল নিয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল দ্বিতীয়। তবে চতুর্থ প্রান্তিকে এটিই ছিল বাজারের শীর্ষ ব্র্যান্ড।
প্রতিবেদনে বলা হয়, চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক বাজারে স্মার্টফোন সরবরাহ ৫ শতাংশ কমলেও, বছরজুড়ে ২ শতাংশ বেড়েছে। এ সময়ে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, অপো, শাওমিসহ শীর্ষ ১০ ব্র্যান্ডের দখলে ছিল ৭৭ শতাংশ বাজার। বাকি এক-চতুর্থাংশ দখলে প্রতিযোগিতা করেছে ছয় শতাধিক ব্র্যান্ড।
ভারত, চীন ও পশ্চিম ইউরোপে চাহিদা কমায় স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ১১ শতাংশ কমেছে। তবে প্রতিষ্ঠানটি লাতিন আমেরিকার স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, আইফোন এক্স, ৮ ও ৮প্লাস বাজারে ছাড়ার মাধ্যমে অ্যাপল গড় বিক্রয়মূল্য ১০০ ডলারের বেশি বাড়িয়ে ৭৯৬ ডলারে উন্নীত করতে পেরেছে। তিনি বলেন, অ্যাপলের জন্য বড় চ্যালেঞ্জ হলো, ১৩০ কোটি ডিভাইস সক্রিয় থাকার পরও উন্নতি ধরে রাখা।
আরও পড়ুন; জীবন বাঁচাল অ্যাপেল ওয়াচ
এখনই আইফোন ১০ ব্যবহার করছেন অ্যাপেল প্রধান
আইফোন ৮’এ শব্দ সমস্যা  
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৮    
গ্যালাক্সি সিরিজের নতুন সংস্করণ আনছে স্যামসাং  
ক্রোমবুক আনতে যাচ্ছে স্যামসাং