সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সার্ফ সিটি শহরের সৈকতে ১০০ বছরের পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সার্ফ সিটি শহর কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ারের ফলে এগুলো তীরে এসে পড়েছে।
ধারণা করা হয় সার্ফ সিটি সৈকতে জাহাজের যে অংশ পাওয়া যায় তা উইলিয়াম এইচ. সামনারের জাহাজটির অংশবিশেষ। এই জাহাজের দেখা মেলে প্রাচীন বার্নাকেল বিলস জেটির ১৫০ গজ উত্তরে।
নৌকা ভ্রমণকারীদের নিরাপত্তার কথা ভেবে সেগুলো সরিয়ে নিয়েছে কোস্টগার্ড। আইন অনুযায়ী এসব অংশ সংরক্ষণে রাখা হবে।
ওয়েক্ট টিভি জানায়, ১৮৯১ সালে দুই বা ততোধিক মাস্তুল সমৃদ্ধ পালতোলা জাহাজটি নির্মাণ করা হয়। এর প্রধান মাস্তুলের চেয়ে অগ্রভাগের মাস্তুল আকারে ছোট।
১৯১৯ সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটির ক্যাপ্টেন ছিলেন আর.ই. কোচরান। ক্যাপ্টেন হিসেবে প্রথম যাত্রায় ডুবে যায় এই জাহাজ। জাহাজ ডুবে যাওয়ার পর তিনি আত্মহত্যা করেন।
সিএনএন অনুমোদিত ডব্লিউইসিটি টিভি জানিয়েছে, ১৯১৯ সালে মেহগনি কাঠ ও ফসফেট পাথর নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে নর্থ ক্যারোলিনায় ডুবে যায় জাহাজটি। তবে কী কারণে এটি ডুবে গিয়েছিল সে রহস্যের উদঘাটন ১০০ বছরেও সম্ভব হয়নি।

