সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৪২)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের হিরাপুর গ্রামের আবদুল মালেক সর্দারের ছেলে।
দুলালের হত্যার বিষয়টি দেশে পরিবারকে জানিয়েছেন তার চাচাতো ভাই দক্ষিণ আফ্রিকাপ্রবাসী জাহাঙ্গীর আলম।
মুঠোফোনে পরিবারকে জাহাঙ্গীর আলম জানান, গতকাল দিবাগত রাত ১০টার দিকে কুইন্সটাউন শহরে নিজ দোকানে বেচাকেনা করছিলেন দুলাল। এ সময় অজ্ঞাতনামা তিন থেকে চারজন সন্ত্রাসী দোকানে ঢুকে মালামাল লুট করতে থাকে। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা দুলালের মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে দোকানের ভেতর লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন দুলালকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুলালের লাশ বাড়ি আনার জন্য সে দেশে প্রস্তুতি শুরু হয়েছে।
জানা যায়, দুলাল ২০০৮ সালে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি প্রথমে কিছুদিন অন্যের দোকানে চাকরি করেন। পরে নিজেই কুইন্সটাউন শহরে ব্যবসা শুরু করেন। বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

