৩০ বছরে পা দিতে না দিতেই বার্ধক্যের ছাপ পড়ে ত্বকে। চামড়ায় বলিরেখা তখন আগমনী বার্তা দিতে থাকে বয়স হয়েছে বলে। তবে বয়সের অংক না কমাতে পারলেও ত্বকের তারুণ্য ঠিকই ধরে রাখতে পারবেন। টুকটাক ঘরোয়া কিছু পদ্ধতি মেনে চললে চেহারায় বয়সের ছাপ একদমই বোঝা যাবে না। উপরন্তু ত্বক ভালো থাকবে বহুকাল।
অন্যদিকে ঘরোয়া পদ্ধতিতে নানা প্যাক তৈরির উপকরণ কিন্তু ঠিকই পাওয়া যাবে আপনার রসুইঘরে। তাই এ নিয়েও দুশ্চিন্তা করতে হবে না। তেমন কিছু ফেসপ্যাক তৈরির পদ্ধতি নিয়েই আলোচনা করব আজ;
ডিম দিয়ে তৈরি প্যাক
একটি বাটিতে এক চা চামচ ডিমের সাদা অংশ নিন। তার সঙ্গে আধা চামচ মালাই ও আধা চামচ লেবুর রস মেশান। এর পর ভালোভাবে নাড়তে থাকুন। মেশানো হয়ে গেলে আলতোভাবে আপনার মুখে মাখুন এবং ১৫ মিনিট রেখে দিন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। একদিন পর পর এ পদ্ধতি অনুসরণ করতে পারেন। এতে ক’দিন পরই ফলাফল টের পাবেন।
গাজরের প্যাক
আধা ইঞ্চি গাজর অর্ধেকটা আলুর সঙ্গে মিশিয়ে সিদ্ধ করুন। এর পর ভালোভাবে ভর্তা করুন। সঙ্গে এক চিমটি বেকিং সোডা ও হলুদ মিশিয়ে নিতে পারেন। এবার মুখে মেখে ২ মিনিট রেখে দিন। নির্ধারিত সময় পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার চামড়ার ভাঁজ বোঝা যাবে না এবং ত্বক হবে মসৃণ।
গোলাপজলের প্যাক
দুই চামচ গোলাপজল নিন। এবার এর সঙ্গে এক ফোঁটা গ্লিসারিন ও দুই ফোঁটা লেবুর রস মেশান। এর পর মিশ্রিত দ্রবণটি আপনার মুখ ও গলায় তুলা দিয়ে মাখুন। চাইলে মিশ্রণটি এভাবে সারা দিনও ত্বকে লাগিয়ে রাখতে পারেন। অথবা ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এ মিশ্রণ ব্যবহার করলে আপনার বলিরেখা দূর হয়ে যাবে সহজেই।
নারকেল দুধের প্যাক
নারকেল থেকে দুধ তৈরি করে আপনার মুখে মাখতে পারেন। এটা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। নারকেলের দুধ মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এর পর আপনি নিজেই এক ধরনের সতেজতা অনুভব করবেন।
কলার তৈরি প্যাক
পাকা কলা নিয়ে গরম পানির সঙ্গে মিশিয়ে চটকাতে থাকুন। যতক্ষণ না ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত চটকান। ভালোভাবে মিশে গেলে ত্বকে লাগান। এর পর ১০ মিনিট রেখে দিন। পরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মধু এবং টি-ট্রি অয়েল প্যাক
এক চামচ মধুর সঙ্গে চার থেকে পাঁচ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। যতক্ষণ না ভালোভাবে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়ুন। এবার সেই মিশ্রণটিকে মুখে ও গলায় মাখুন। বেশ কিছুটা সময় ধরে ম্যাসাজ করতে থাকুন। এবং পরে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।
এছাড়া বয়স ধরে রাখতে প্রচুর পরিমাণ পানি পান করা আবশ্যক। এছাড়া প্রতিদিনের খাদ্যাভ্যাসে অবশ্যই ফলমূল, শাকসবজি রাখতে হবে।

