যুক্তরাষ্ট্রে ৩ ট্রিলিয়ন ডলারের ফান্ড, সুবিধা পাবেন অবৈধ অভিবাসীরাও


amerika#paperslife

১ লাখের বেশি বাংলাদেশিসহ সোয়া কোটি অবৈধ অভিবাসী এবং ট্যাক্স প্রদানকারী স্বল্প আয়ের আমেরিকানদের মধ্যে মাথাপিছু ১২০০ ডলার করে সরাসরি বিতরণসহ ডিসেম্বর পর্যন্ত বেকার ভাতা প্রদান, স্টেট, সিটি, কাউন্টি প্রশাসনে স্বাস্থ্য-নীতি যথাযথভাবে বাস্তবায়নের জন্যে তহবিল প্রদানের বিধিসহ ৩ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ প্যাকেজ পাশ করা হলো মার্কিন কংগ্রেসে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কেবলমাত্র ডেমক্র্যাটদের ভোটে (২০৮-১৯৯) পাশ হয় এ বিলটি। অর্থাৎ রিপাবলিকানরা ভোট দেননি এই বিলে। এর ফলে রিপাবলিকান শাসিত সিনেটে এটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

রিপাবলিকানদের বিলটি নিয়ে আপত্তি রয়েছে, তারা বলছেন নির্বাচনকে সামনে রেখেই এমন বিল। অথচ করোনায় অবরুদ্ধ আমেরিকানদের নাজুক অবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি, ৩ কোটি ৬০ লক্ষাধিক আমেরিকানের বেকার হয়ে পড়াসহ বিভিন্ন হাসপাতালে করোনা রোগী চিকিৎসার যথাযথ সামগ্রী না থাকায় এমন একটি বিধির বিশেষ প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছেন হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি।

প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসের ২৩১ বছরের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল সিস্টেমে কংগ্রেসম্যানরা ভোট দিলেন অর্থাৎ তাদেরকে ক্যাপিটল হিলে আসার প্রয়োজন হয়নি। গত কয়েকদিন ইউএস সিনেট এবং হাউজের শুনানিকালেও এমন ব্যবস্থা দেখা যায়।

গত মার্চে ২.২ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ বিল পাশের সময় অবশ্য রিপাবলিকানরাও ভোট দিয়েছিলেন। সর্বশেষ এ বিলে রিপাবলিকানরা দাবি জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের ১২০০ ডলারের বিধিটি বাদ দেয়ার জন্যে। ডেমক্র্যাটরা রাজি হননি।