নির্মমতার সাক্ষী জাপানের নাগাসাকি




সাবিলা আলাউদ্দিন আখি
পৃথিবীর ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৯ আগস্ট। ১৯৪৫ সালের আজকের দিনে সকাল ১১:০২ মিনিটে মার্কিন বিমান বাহিনীর একটি বিমান থেকে ফ্যাটম্যান নামের পারমানবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানের শহর নাগাসাকিতে। যার ফলে সম্পূর্ণ ধ্বসীভূত হয় শহরটি।
মানব জাতি এ চরম নিষ্ঠুরতা দেখে যেন মুহূর্তের মধ্যে থমকে গিয়েছিল গোটা পৃথিবী। কিন্তু এত ধ্বংসযজ্ঞ, রক্তপাত,পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যান এ মর্মান্তিক ঘটনার জন্য কখনও অনুতাপ করেননি।
১৯৪৫ সালের ৬ই আগস্ট ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্ন। মার্কিন বোমারু বিমান বি-টুয়েন্টি নাইন ইনোলা গে ‘লিটল বয়’ নামে একটি পরমাণু বোমা নিয়ে হিরোশিমার উদ্দেশে যাত্রা শুরু করে। ওই দিন সকাল ৮টা ১৫ মিনিটে প্লেন থেকে বোমাটি নীচের দিকে নিক্ষেপ করা হলে হিরোশিমা শহর থেকে প্রায় ৫০০ মিটার ওপরে সেটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে শহরটির প্রায় ৬০ ভাগ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং নিহত হয় ৭৫ হাজার মানুষ৷
হিরোশিমার এ ভয়ঙ্কর ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র তিন দিন পর তিনিয়ন দ্বীপ থেকে বি টোয়েন্টি নামে একটি বিমান দ্বিতীয় বোমাটি নিয়ে নাগাসাকির উদ্দেশ্যে রওনা হয়। এ বোমাটির নাম দেওয়া হয়েছিল ফ্যাটম্যান। বোমাটি ছিল গোলাকার প্লুটোনাম ক্ষেপণাস্ত্র। নাগাসাকি শহরে ৯ আগস্ট বেলা ১১টা বেজে ২ মিনিটে বোমাটি মাটি থেকে ৫০০ মিটার উপরে বিস্ফোরিত হয়। নিমেষে ঝরে গিয়েছিল প্রায় এক লক্ষ ৪০ হাজার প্রাণ। আহত হয় আরও ৭৪ হাজার মানুষ। বোমার তেজস্ক্রিয়তায় শিশুদের মাথার চুল পর্যন্ত উঠে যায় ৷ শিশুরা খাওয়ার শক্তি হারিয়ে ফেলে৷ আর বোমার আঘাতে আহতরা দীর্ঘদিন কষ্ট ভূগতে ভূগতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে ৷ ১৯৫০ সাল পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখে পৌঁছে যায় ৷
বিধ্বংসী এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর ৯ আগস্ট পালন করা হয় নাগাসাকি দিবস। কালের সাক্ষী এই দিবস উপলক্ষে একটাই  প্রত্যাশা – পৃথিবী থেকে সকল পরমাণু বোমা ধ্বংস করা হোক। নিশ্চিত হোক বারুদের গন্ধমুক্ত সুন্দর পৃথিবী, যেখানে নতুন প্রজন্মের জন্য থাকবে নিশ্চিত নিঃশ্বাস এবং সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার। এভাবে যাতে আর কোনো জাতি হিংসার বশীভূত না হয়, হিরোশিমা ও নাগাসাকি দিবস তারই বার্তা দেয়। এত বছর পরও শহর দুটি দাঁড়িয়ে আছে এক বিভীষিকার চিহ্ন হিসেবে।