রাত পোহালেই ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এই খুশি আরেকটু বেড়ে যায় খাবার টেবিলে সাজানো সুস্বাদু এবং মুখরোচক খাবারের দিকে তাকিয়ে। তাই সবারই চেষ্টা থাকে খাবারের মেন্যুতে নতুনত্ব আনার।
ঈদে আমরা সবাই সেমাই রান্না করি। তবে এই সেমাইকে যদি একটি নতুনত্ব দেয়া যায় তাহলে মন্দ হয় না। সেমাইকে নতুনত্ব দিতে চাইলে রান্না করতে পারেন শির খোরমা।
আসুন দেখে নেয়া যাক শির খরমা বানাতে কি কি লাগছে;
উপকরণ
দুধ দেড় লিটার
চিনি স্বাদমত
মালাই ১/২ কাপ
কাজু কিসমিস, পেস্তা, কাঠবাদাম ১/২ কাপ
সেমাই ১ কাপ
এলাচ, দারুচিনি কয়েকটি
ঘি ২ টেবিল চামচ
জাফরান ১ চিমটি
খেজুর ১/২ কাপ
প্রণালি
প্রথমেই বাদাম গুলো খোসা ছাড়িয়ে মোটা কুচি করে নিন। দেড় লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেকের কম পরিমাণ করে রাখুন। এবার প্যানে বা হাঁড়িতে ঘি দিয়ে গরম করুন। এলাচ দারুচিনি দিয়ে একটু ভাজুন। বাদাম কুচি, কিসমিস ও সেমাই দিয়ে দিন। খুব মৃদু আঁচে হালকা ভাজুন। গন্ধ ছাড়লেই ঘন দুধ দিয়ে দিন। নেড়ে নেড়ে রান্না করুন। সেমাই সিদ্ধ হয়ে আসার সাথে সাথে দুধ ঘন হয়ে আসবে। সেমাই সিদ্ধ হয়ে গেলে মালাই দিয়ে দিন। জাফরান দিন। ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে ফেলুন। এবার ছোট ছোট বাটিতে শির খোরমা সাজান। ফ্রিজে রেখে সেট হতে দিন। সেট হলে বাদাম, কিসমিস ছিটিয়ে পরিবেশন করুন। চাইলে খেজুরও দিতে পারেন।

