শুধু চা নয় কেক, পুডিং, পায়েস বা সেমাইয়ের মত কিছু কিছু মিষ্টি খাবারে কনডেন্সড মিল্ক দেওয়া হলে স্বাদটাই যেন আমূল বদলে যায়। তবেঁ সবসময়ে দোকান থেকে কেনা কনডেন্সড মিল্কটাই আমরা ব্যবহার করি। কিন্তু এটা বাসায় তৈরি করা গেলে কেমন হয়?
আসুন দেখে নেই কনডেন্স মিল্ক তৈরিতে কি কি লাগছে;
উপকরণ :
দুধ আধা কেজি
চিনি আধা কাপ
বেকিং সোডা আধা চা চামচ
প্রণালি;
চুলায় দুধ গরম করে নিন। দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। দুধ ফুটে এলে এতে চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। চিনি দেবার পর আরো ১০-১৫ মিনিট দুধ জ্বাল দিয়ে নিতে হবে। এ সময়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে পারেন। ইচ্ছে হলে কম আঁচেও ফুটাতে পারেন। তবে অবশ্যই একটু পর পর নাড়তে হবে। কোনোভাবেই যেন দুধের ওপর সর না পড়ে সেদিকে খেয়াল রাখুন। এভাবে ১০-১৫ মিনিটের মাঝে দুধ ঘন হয়ে পরিমাণে কমে আসবে।
দুধ বেশ ঘন হয়ে এলে এতে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দিন। মনে রাখবেন, এক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার নয়! বেকিং সোডা দেবার পর নেড়েচেড়ে নিন। দেখবেন দুধ আরো ঘন হয়ে এসেছে এবং দুধের রংটাও পাল্টে গেছে। এবারে আঁচ বন্ধ করে দিন এবং এটাকে একেবারে ঠাণ্ডা হতে সময় দিন।
ঠাণ্ডা হয়ে গেলে দেখবেন, একদম কেনা কনডেন্সড মিল্কের মত ঘন হয়ে এসেছে। এই কনডেন্সড মিল্ক আপনি ব্যবহার করতে পারেন পছন্দের মিষ্টি রান্নায় অথবা চায়ের সাথে।

