এবার ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে করোনায় ৫ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। রোববার (২৯ মার্চ) এই খবর নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।
এছাড়াও, জার্মানিতে প্রবাসীদের আক্রান্তের খবরে সমবেদনা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। তিনি সব প্রবাসী বাংলাদেশিকে দেশে না যাওয়ার এবং ঘরে থাকার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, এ মুহূর্তে সরকারের বেঁধে দেয়া যে স্বাস্থ্যবিধি আছে তা সবাইকে মানতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।
তবে আরও জানা যায়, এখন পর্যন্ত দেশটিতে ১৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এতে করে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশি কমিউনিটিতে।
উল্লেখ্য, জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৩ জন, সেইসাথে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার।
জার্মানির ১৬ অঙ্গরাজ্যের মধ্যে যে অঙ্গরাজ্যে মানুষ সবচেয়ে বেশি মারা গেছে সেটি হলো নর্দারহেইন ওয়েস্টফালেন। দ্বিতীয় যে অঙ্গরাজ্যে বেশি মানুষ মারা গেছে সেটি হলো বাডেন উঠেনবার্গ। আর তৃতীয় অঙ্গরাজ্য হচ্ছে বাভারিয়া।

