ফাইভজি সমর্থিত ডিভাইস আনতে মোবাইল চিপ জায়ান্ট কোয়ালকমের সঙ্গে জোটবদ্ধ হয়েছে চীনভিত্তিক কোম্পানি অপো। সম্প্রতি চীনে অনুষ্ঠিত কোয়ালকম টেকনোলজি দিবস ২০১৮তে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অংশীদারিত্বের ঘোষণা দেয়া হয়।
বিষয়টি ঘিরে অপোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি চেন বলেন, পঞ্চম প্রজন্মের দ্রুতগতির নেটওয়ার্ক সেবা ফাইভজি টেলিকম শিল্প খাতের কাঠামো পরিবর্তন করতে যাচ্ছে। শিগগিরই ইন্টারনেটসংশ্লিষ্ট বিষয়াদিতে মোবাইল ফোন একটি মুখ্য অনুষঙ্গে পরিণত হবে। অপো শুরু থেকেই প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব দিয়ে আসছে।
ফাইভজি প্রযুক্তিতে শক্তিশালী অবস্থান সৃষ্টির লক্ষ্যে গবেষণা এবং উন্নয়নে জোর দিচ্ছে। ভবিষ্যতে অপো ফাইভজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সব প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং ব্যবহারকারীদের মূল চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন পণ্যে সেগুলো প্রয়োগ করবে।
তিনি বলেন, চলতি বছর বিশ্ববাজারে কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দেবে অপো। এরই অংশ হিসেবে জাপানে ব্যবসা শুরুর পরিকল্পনা নেয়া হয়েছে।
