প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারে সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। যা গতবারের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ কম।
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ফলাফল তুলে দেন তিনি। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল হস্তান্তরের পর পাসের হারের তথ্য প্রকাশের আগে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি গত এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল। তাতে পাসের হার কিছু কমেছিল। সেই পদ্ধতি এবার এইচএসসিতে প্রয়োগ করা হয়েছে।
পরে পাসের হার কমার তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষায় সঠিক মূল্যায়ন হওয়ায় পাসের হার কমেছে। সৃজনশীল প্রশ্নে উত্তরপত্রে অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন নিয়ন্ত্রণ করেছে সরকার।’
ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সেরে প্রধানমন্ত্রী বলেন, কত শতাংশ পাস করেছে সেটা বড় বিষয় নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হব।
উচ্চশিক্ষায় বিরাজমান সুযোগের সদব্যবহারে শিক্ষার্থীদের জন্য শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন ও সক্রিয় চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীসহ, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। অকৃতকার্যদের আগামীতে আরো উদ্যোমী হতে উৎসাহ দিয়ে নিজের এ অভিমত জানান তিনি। তবে কুমিল্লা বোর্ডে ফলাফল বিপর্যয়ে বিষ্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও উন্নয়নকে আরো গতিশীল করতে এই শিক্ষার্থীরা নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলবে এই প্রত্যাশা রেখে নিজের কিছু মতামত ও সুপারিশ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। ছেলেমেয়েরা যেন জঙ্গিবাদ ও মাদকাসক্তিতে জড়িয়ে না পড়ে সেজন্য সন্তানদের বেশি সময় দিতে অভিভাবকদের অাহ্বান জানান তিনি।
পরে প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলা ও ছিটমহলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।
এছর মোট পরীক্ষার্থী ছিলো ১১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ১ হাজর ৭১১ জন। সারাদেশে জিপিএ ৫ পেয়েছেন ৩৩ হাজার ২৪২ জন শিক্ষার্থী ।
রাজশাহী বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ০২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ।
এদিকে বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনের পরপরই সারা দেশের পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।
যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
২৪ থেকে ৩০ জুলাই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
উল্লেখ্য, নজিরবিহীন সতর্কতার মধ্য দিয়ে গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়।
