রূপচর্চা বা চুলের যত্নে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে নারিকেল তেল। তবে অন্যান্য জিনিসের মত নারিকেল তেলেও মিশেছে ভেজাল। এতে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। তবে নারিকেল তেল বানানোর প্রক্রিয়া বেশ সহজ। ঘরে খুব সামান্য উপকরণেই তৈরি করা যায় নির্ভেজাল নারিকেল তেল।
আসুন দেখে নেই নারিকেল তৈরিতে কি কি লাগছে;
উপকরণঃ
নারকেল ২টি
ছাঁকনি ১টি
পানি সামান্য
প্রণালি;
প্রথমেই নারকেলটি কেটে বা ফাটিয়ে এর মধ্যে থেকে নারকেল বের করে নিন। যদি ব্লেন্ডার ব্যবহার করতে চান তাহলে ছুড়ি দিয়ে ছোট ছোট পিস করে নারকেল গুলো বের করে নিন। অথবা কোড়ানি ব্যবহার করলে ছুরি দিয়ে আলাদা করে কেটে বের করার প্রয়োজন নেই;সেক্ষেত্রে নারকেল কোড়ালেই হবে। ছোট ছোট টুকরাগুলি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কিছুক্ষণ পর পর সামান্য পরিমাণে পানি দিন। এতে পেস্টটি নরম এবং মিহি হবে।
পেস্টটি তৈরি করার পর এর থেকে নারকেলের দুধ আলাদা করে নিন। নারকেলের দুধ আলাদা করলে নারকেলের চিটা থেকে যাবে। নারকেলের দুধ ৭-৮ ঘটার জন্য ফ্রিজে রেখে দিন। তাহলে উপরে একটা আস্তর পড়বে। এই আস্তরটি সাবধানে তুলে সেটা একটি ফ্রাই প্যানে গরম করতে থাকুন।
কিছুক্ষণ পরেই দেখতে পাবেন নারকেলের সাদা অংশের উপরে তেল আলাদা হতে শুরু করেছে। নারকেলের অংশটুকু বাদামী রঙ ধারণ না করা পর্যন্ত অল্প আঁচে জ্বাল দিতে থাকুন। নারকেলের অংশটুকু পুরোপুরি বাদামী রঙ ধারণ করলে বুঝবেন বিশুদ্ধ তেল সম্পূর্ণরূপে নিঃসৃত হয়েছে। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটি আলাদা করে নিন। এভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার মনের মত বিশুদ্ধ নারকেল তেল ।

