সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দক্ষিণ আফ্রিকায় সবুজ গৌড়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মোবারেক গৌড়ার ছেলে।
বাংলাদেশ সময় বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের আটলানটিস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সংসারের হাল ধরতে ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন মাদারীপুরের যুবক সবুজ। সেখানে তিনি একটি মুদি দোকানে কাজ করতেন।
বুধবার রাত ১১ টার দিকে একদল দুর্বৃত্ত সবুজের কর্মরত মুদি দোকানে মালামাল কিনতে আসেন। লকডাউন অমান্য করে সবুজ দোকানে পণ্য বিক্রি না করায় ক্ষিপ্ত হয়ে চলে যান তারা।
পরে সবুজের বসবাসরত ঘরে কৌশলে ঢুকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে। সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরেক বাংলাদেশি যুবককে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে হাসপাতালে নেয়ার আগেই সবুজের মৃত্যু হয়।
৬ ভাইবোনের মধ্যে সবুজ সবার ছোট। এসময় সবুজের পরিবার সরকারের কাছে অনুরোধ জানান সবুজের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য।

