করোনাভাইরাস মহামারিতে থমকে গেছে পুরো বিশ্ব। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে লড়াই চালিয়ে যাচ্ছে এই ভয়াবহতার বিপক্ষে। সবাই এক হয়ে লড়াই করছে এই অদেখা শত্রুর সাথে।
সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করলো কানাডার অন্টারিও প্রদেশের নায়াগ্রা ফলস শহরের হোটেল ও ক্যাসিনো। কানাডার পর্যটন কর্তৃপক্ষ এই উদ্যোগকে বলছেন ‘নায়াগ্রা হার্ট অব হোপ’।
নায়াগ্রা ফলসের সব হোটেল ও ক্যাসিনোতে আলো দিয়ে হৃদয় আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
নায়াগ্রা ফলস ট্যুরিজম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানায়, ‘একটি সমাজ হিসেবে আমরা করোনাভাইরাসের বিস্তার রোধে লড়াই করতে ঐক্যবদ্ধ।’
নায়াগ্রা ফলস ট্যুরিজম প্রথম নয়, করোনার ছোবলে থমকে যাওয়া দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশের ঘটনা আগেও দেখা গেছে।
রিও ডি জানেইরো শহরের দিকে তাকিয়ে থাকা ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিতে প্রে টুগেদার (একসঙ্গে প্রার্থনা করুন) হ্যাশট্যাগ বার্তাটি বিভিন্ন ভাষায় তুলে ধরা হয়।
এরপর একে একে ভেসে ওঠে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের নাম। তারপর দেখানো হয় বিভিন্ন দেশের পতাকা।
সূত্র: সিএনএন

