চকলেট কেক খেতে ভালবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আর সেটি যদি হয় লাভা কেক তাহলে তো কথাই নেই। চেটেপুটে পুরও বাটি সাফ করতে কয়েক সেকেন্ড যথেষ্ট।
কিন্তু বেশিরভাগ সময়ই কেকটি বাইরে থেকে কিনে খেতে হয়। তবে এখন থেকে চাইলে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন চকলেট কেক। আসুন দেখে নেই চকলেট কেক তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
চকলেট ২০০ গ্রাম
ক্যাস্টর সুগার ১০০ গ্রাম
মাখন ২০০ গ্রাম
ডিমের কুসুম ৩টি
ডিম ১টি
ময়দা ৬ টেবিল-চামচ
চকলেট এসেন্স ২ ফোঁটা
কোকো পাউডার ২ টেবিল-চামচ
প্রণালি
চুলায় ডাবল বয়লারে মাখন ও চকলেট একসঙ্গে গলাতে হবে। চুলা থেকে নামিয়ে তাতে চিনি ও ডিমের কুসুম দিয়ে নাড়তে হবে। তারপর গোটা ডিম দিয়ে নাড়তে হবে। বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল কেকের মিশ্রণ।
এবার কয়েকটা বড় মাফিন কাপে মাখন ব্রাশ করে কোকো পাউডার ছড়িয়ে দিতে হবে। তার ওপর কেকের মিশ্রণ ঢেলে ওভেনে মাঝারি তাপে ১০-১২ মিনিট বেক করতে হবে। কেকের চারপাশ শক্ত হবে, ভেতরের অংশ তরল থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল মলতেন লাভা কেক। এবার ১ স্কুপ আইসক্রিম ও চকলেট সস দিয়ে পরিবেশন করুন এই কেকটি।

