সিঙ্গাপুরে করোনাভাইরাসে নতুন করে ১ হাজার ৪২৬ জনসহ আক্রান্ত মোট ৮ হাজার ১৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৬২ জনই বাংলাদেশি।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল এক দিনেই দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের। আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু অব্যাহত আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৭ জন বাংলাদেশি মারা গেছেন।
আর যুক্তরাজ্যে গত ৪৮ ঘণ্টায় আরও ১৯ জন বাংলাদেশি মারা গেছেন। এর ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৭৪ জন এবং যুক্তরাজ্যে ৭৯ জন বাংলাদেশি মারা গেছেন।
লন্ডন থেকে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জানান, দুই-তিন দিন ধরে মৃতের সংখ্যা বাড়ছে। সোমবার পর্যন্ত অন্তত ৭৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে বড় অংশটি হচ্ছেন বৃহত্তর লন্ডনের।
ইতালির রোম থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার জানান, এখন পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণে ৮ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ৭ জন মিলানে এবং একজন রোমে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ৭৫ জনের মতো।
১৯ এপ্রিল (রোববার) পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কানাডা, ইতালি, স্পেন, কাতার, সুইডেন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়া-এই ১৩ দেশে ২৯৭ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালি বাদ দিলে সৌদি আরবে ১৫, কানাডায় ৬, স্পেনে ৫, কাতারে ৪ এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

