বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া ১০ বাংলাদেশি হলেন বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), মোহাম্মদ মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), আলী হোসেন ব্যাপারী (৮৪), লোকনাথ সাহা (৫৬), মোহাম্মদ এবায়েদ উল্ল্যাহ (৮২) কামরুল বাশার জামি ও মওলানা মোহাম্মদ ইউসুফ (৬০)।
এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২১৬ বাংলাদেশির মৃত্যু হলো।
এদিকে আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়া রোগীর সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া দেশটিতে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ৫৯ হাজারের বেশি।
নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ২৮ এপ্রিল তাঁর রাজ্যে মৃত্যুর তালিকায় ৩৩৫ জনের নাম যুক্ত হয়েছে বলে জানান। নিউইয়র্কে সাড়ে ১৭ হাজার পেরিয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা এবং রাজ্যের প্রায় তিন লাখ মানুষ এখনো করোনাভাইরাসে সংক্রমিত।
কুমো বলেছেন, হাসপাতালে ভর্তির সংখ্যা দিনে এক হাজারের কমে নেমে এসেছে। ৩৩৫ জনের মৃত্যুকেও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ৩৩৫টি পরিবার এক দিনেই আপনজন হারিয়েছে। এমন বেদনার যাত্রা দ্রুত অবসান হবে।

