এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ে ডাবল লেনদেন করা যাবে


mobile banking #paperslife

বাড়লো মোবাইল ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেনের সীমা। গ্রাহকের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আগের চেয়েও দ্বিগুণ টাকা জমা বা ক্যাশ ইন আর উত্তোলনে আগের চেয়ে আড়াই গুণ সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।

প্রসঙ্গত,  এর আগে ২০১৭ সালে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিজিটাল হুন্ডি বিতরণের প্রমাণ পাওয়ায় লেনদেনের সীমা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রায় দেড় বছর পর আবার সীমা বাড়ানো হলো।

সীমা বাড়ানোর ফলে একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে ২৫ বারে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। আগে দিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক।

নতুন এই নিয়মে একই সঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। আগে দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। মাসে ১০ বারে ৫০ হাজার টাকা উত্তোলন সুবিধা ছিল।

উল্লেখ্য, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যায়। এর মাধ্যমে প্রতি মাসে ৫ লাখ টাকা লেনদেন সুযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে বারবার আপত্তি জানালেও সরকার তাতে সায় দেয়নি। এর প্রেক্ষিতেই এমএফএসের লেনদেন সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।