গত বছরের ডিসেম্বর মাসের শেষদিকে চীনের উহানে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের উৎপত্তি ঘটে। এর প্রভাবে গত দুই মাসে দেশটিতে দুই কোটি ১৪ লাখ মোবাইল গ্রাহক কমে গেছে।
চীনের তিনটি মোবাইল ফোন অপারেটরের ওয়েবসাইটে দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণে এমন প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ব্লুমবার্গ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে চায়না মোবাইল লিমিটেড নামক অপারেটর তাদের ৮০ লাখ গ্রাহক হারিয়েছে। ৭৮ লাখ সিম বন্ধ রয়েছে চীনা ইউনিকম হংকং লিমিটেডের। এবং চীনা টেলিকম করপোরেশন ৫৬ লাখ গ্রাহক হারিয়েছে। অর্থাৎ করোনা পরিস্থিতির মধ্যে এই দুই মাসে সব মিলিয়ে ২ কোটি ১৪ লাখ গ্রাহক হাওয়া হয়ে গেছে চীনে।
প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, হংকং স্টক এক্সচেঞ্জে চায়না টেলিকম শেয়ারদর হারিয়েছে ৬ দশমিক ৩ শতাংশ, চায়না মোবাইল লিমিটেড হারিয়েছে ২ দশমিক ৭ শতাংশ এবং চায়না ইউনিকম হংকং লিমিটেড হারিয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। অথচ গত বছরেও চীনের এই তিন মোবাইল ওপারেটরের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল।

