দাম বাড়ছে যে পণ্যগুলোর
০৩ এপ্রিল ২০২০ - ০১:৩৬:০৮ অপরাহ্ন

বাজারে এখন চড়া দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল ও চিনি। সংসারে এ চার জরুরি পণ্যের দাম বৃদ্ধিতে নিম্ন ও সীমিত আয়ের মানুষ চরম বিপাকে রয়েছে।
বাজারে এখন প্রতি কেজি মোটা চাল ৩৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি বিভিন্ন চাল পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। আর সরু চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকায়। গত নভেম্বর থেকে দফায় দফায় চালের দাম বেড়েছে। নভেম্বরে মোটা চাল ৩২ টাকা, মাঝারি চাল ৩৫ থেকে ৪০ টাকা ও সরু চাল ৪৫ টাকায় বিক্রি হয়।
বাজারে মোটা মসুর ডালের প্রতি কেজি দাম উঠেছে ৭৫ থেকে ৮০ টাকায়, দুই মাস আগে তা ছিল ৬০ টাকার মধ্যে। মাঝারি দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, এটা ছিল ৭০ টাকার মধ্যে। আর সরু দানার মসুর ডাল প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকার মধ্যে ছিল, যা এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। কৃষি বিপণন অধিদপ্তরের বাজারদরের তালিকা তুলনা করলে দেখা যায়, চার মাসে মোটা মসুর ডালের দামও প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
খোলা সয়াবিন তেল এখন প্রতি লিটার ৯৫ থেকে ৯৭ টাকায় বিক্রি হচ্ছে। জানুয়ারিতে তা ৮৫ টাকার মধ্যে ছিল। সয়াবিন তেলের ছোট বোতলের দামও বাড়তি। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এক লিটারের বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১১০ টাকা। সেটা এত দিন ১০০ টাকায় বিক্রি হতো।
তবে পেঁয়াজের দাম কমেছে। রসুনের দামও পড়তি। ডিম, মুরগি, আলু ও সবজির তেমন কোনো চাহিদা নেই। বাজার পড়তির দিকে। কমছে না শুধু চাল, ডাল, তেল ও চিনির দাম।