বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের মতো বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেশ কয়েক বছর ধরেই টালামাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রেতা আকর্ষণে নিজেদের মডেল লাইনে নতুনত্ব আনার জোর প্রচেষ্টা চালালেও কোনো কৌশলই আর কাজ করছে না।
গত সোমবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এক প্রতিবেদনে জানায়, বছরের শুরুর তুলনায় জুনে নতুন গাড়ি ও ট্রাক বিক্রি ৩ শতাংশ কমে গেছে। একই অবস্থা চলছে টানা ছয় মাস ধরে। বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।
পেট্রলের দাম কমে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোয় বেশ রমরমা অবস্থায় ছিল গাড়ি শিল্প। এর সুফল যেমন ভোগ করেছেন ক্রেতারা, তেমনিভাবে লাভজনক অবস্থায় ছিল কোম্পানিগুলো। স্পোর্টস ইউটিলিটি ভেহিকল কিংবা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান— এরা প্রত্যেকেই লাভের মুখ দেখেছে। কিন্তু বিলাসবহুল খাত হারিয়ে ফেলেছে তার দীপ্তি।
এ বিষয়ে টয়োটা উত্তর আমেরিকার অটোমোটিভ অপারেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম ফে জানিয়েছেন, বিলাস দ্রব্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পটি এখন কিছুটা নাজুক অবস্থায় রয়েছে।
গাড়ি নির্মাতা বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মধ্যে গত মাসে বিএমডব্লিউর বিক্রি কমে গেছে ২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে মার্সিডিজ বেঞ্জের বিক্রি সামান্য কমেছে এবং টয়োটার লেক্সাস বিভাগ বলছে, তাদের নতুন গাড়ি বিক্রি কমেছে ৫ শতাংশ।
অবশ্য বিক্রি কমে যাওয়ার মানে এই নয় যে, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী মডেলে নতুনত্ব যোগ করতে পারছে না। উদাহরণস্বরূপ, বিএমডব্লিউ ৩ সিরিজ কম্প্যাক্ট এখন চার-দরজা সেডান, হ্যাচব্যাক, স্টেশন ওয়াগন, ডিজেল এবং প্লাগ-ইন হাইব্রিড হিসেবে পাওয়া যায়। এমনকি একই ঘরানার যে মৌলিক যন্ত্রাংশ রয়েছে, সেগুলোতেও ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে চার সিরিজে। যার মধ্যে রয়েছে একটি কনভার্টিবল, একটি দ্বি-দরজা ও চার দরজা কুপ। তা সত্ত্বেও ২০১৬ সালে বিএমডব্লিউ ৩ ও ৪ সিরিজের গাড়ি বিক্রি ২৪ শতাংশ কমেছে এবং এ বছর বিক্রি আরো ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
এবিষয়ে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো প্রদেশের অ্যাকরন শহরের ডেভ ওয়াল্টার বিএমডব্লিউর জেনারেল ম্যানেজার সুজাত সিদ্দিকি বলেন, “বিএমডব্লিউর লক্ষ্য ছিল বাজারের শেয়ার বাড়ানো। কিন্তু বিএমডব্লিউ গ্রাহকরা এক মডেল থেকে অন্য মডেলে ধাবিত হচ্ছেন। ফলে বাজার শেয়ার বাড়াতে নতুন ক্রেতাদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে ব্র্যান্ডটি।”
বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে তার মধ্যে একটি হলো, নতুন নতুন মডেলের বিস্তার। অন্যটি হলো, মার্কিন ভোক্তাদের কাছে বর্তমানে এসইউভি ও ক্রসওভারস গাড়িগুলোর কদর অনেক বেশি। অন্যদিকে প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর শক্তির যে জায়গা, সেই বিলাসবহুল গাড়ি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা।
তবে গাড়ির ক্ষেত্রে বিলাসিতা কেবল কতগুলো সিলিন্ডার বা গিয়ার দ্বারা সংজ্ঞায়িত করা যায় না। অনেক ক্রেতার কাছে উচ্চ প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গাড়ির নাম হচ্ছে বিলাসিতা। শুধু তাই নয়, নতুন গাড়ির তুলনায় দুই বা তিন বছর আগে ইজারা দেয়া হয়েছিল এমন গাড়ির চাহিদা এখন বেশি। এমন অনেক পুরনো গাড়ি খুঁজে পাওয়া যাবে— যেগুলো ৪০ হাজার মাইলেরও কম চালানো হয়েছে, এমনকি নতুন মডেলের প্রায় অর্ধেক মূল্যে ক্রেতারা তা কিনতে পারছে। ফলে চলতি বছর নতুন গাড়ি বিক্রি করতে গিয়ে রীতিমতো হিমশিত খাচ্ছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
সূত্রঃ নিউইয়র্ক টাইমস
