৭ বছরের মধ্যে সর্বোচ্চে সোনার দাম



আন্তর্জাতিক বাজারে সাত বছরের সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৬০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। নিরাপদ বিনিয়োগ উৎস হিসেবে স্বর্ণের বাজার বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করায় বেচাকেনা বেড়ে মূল্যবান ধাতুটির বাজার চাঙ্গা হতে শুরু করেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। একই সঙ্গে বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম।

যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ ডলার ৭০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪৪ শতাংশ বেশি। একদিনের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে আউন্সে ৭ ডলার ১০ সেন্ট। ২০১৩ সালের পর এটাই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

একইভাবে ইউরোপের বাজারে এদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৪৮৮ দশমিক ৬০ ইউরোতে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩১ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক কমোডিটি ব্রোকার ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, বৈশ্বিক অর্থনীতিতে শ্লথতা নেমে আসার আশঙ্কা থেকে বিনিয়োগকারীরা শেয়ারবাজার ও মুদ্রাবাজারে অর্থলগ্নিতে ভরসা পাচ্ছেন না। স্বাভাবিকভাবে তারা স্বর্ণের প্রতি ঝুঁকেছেন। এ পরিস্থিতি মূল্যবান ধাতুটির বাজার পরিস্থিতি চাঙ্গা করে তুলেছে।