দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে স্বর্ণের দাম। করোনার প্রভাবে অন্যান্য পণ্যের বাজারে ধস নামলেও ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজার।
যুক্তরাজ্যের বাজারে গতকাল সোমবার ক্রয়-বিক্রয়ের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের স্পট মূল্য বেড়ে ১ হাজার ৫৮২ ডলার ৮৩ সেন্টে উঠে যায়। এর আগে ৩ ফেব্রুয়ারি মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি দাম উঠেছিল ১ হাজার ৮৪ ডলার ৬৫ সেন্টে। এদিন ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ ডলার ৯০ সেন্ট।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সিএমসির প্রধান বাজার কৌশলবিদ মাইকেল ম্যাকারথি জানান, নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ পরিস্থিতিতে ঠিক কবে নাগাদ ভাইরাসটি নিয়ন্ত্রণে আসবে, তা এখনো অনিশ্চিত। এদিকে ভাইরাসটির প্রকোপে বৈশ্বিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনো সুস্পষ্ট নয়। তবু স্বর্ণের বাজার দৃঢ় অবস্থানে রয়েছে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ইউবিএসের এক নোটে জানানো হয়, চীন বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা দেশ। ফলে নভেল করোনাভাইরাসের প্রভাবে দেশটিতে স্বর্ণের চাহিদা কমলে পণ্যটির বৈশ্বিক চাহিদাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এর প্রভাব অনুমানের জন্য এটা একেবারেই প্রাথমিক পর্যায়।

