বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। আতঙ্কে একের পর এক দেশ বাতিল করছে ভিনদেশী ভিসা। বাতিল হচ্ছে ফ্লাইটের পর ফ্লাইট। নড়বড়ে অবস্থানে চলে এসেছে দুনিয়ার নামিদামি সব এয়ারলাইনস। এ অবস্থা চলতে থাকলে আগামী মে মাসের মধ্যেই দেউলিয়া হয়ে যেতে পারে বেশির ভাগ এয়ারলাইনস।
এ বিষয়ে অস্ট্রেলিয়াভিত্তিক এভিয়েশন কনসালট্যান্সি ফার্ম সিএপিএ বলছে, কেবল সরকার ও শিল্প খাতের সমন্বিত উদ্যোগেই এ বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আর উদ্যোগটি নিতে হবে এখনই।
সংস্থাটির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অনেক দেশে বিমান পরিবহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ কারণে এরই মধ্যে অনেক এয়ারলাইনস কারিগরিভাবে দেউলিয়াত্বের পথে চলে গেছে। যেগুলো টিকে আছে, সেগুলোও অস্তিত্ব সংকটে। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী মে মাস নাগাদ দেউলিয়া হয়ে যাবে বিশ্বের বেশির ভাগ এয়ারলাইনস।
আটলান্টাভিত্তিক ডেল্টা এয়ারলাইনস এরই মধ্যে ৩০০টি এয়ারক্রাফট গ্রাউন্ডেড করেছে, যা সংস্থাটির মোট এয়ারক্রাফটের ৪০ শতাংশ। ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইন্ডিগোর ২৬০টির মতো এয়ারক্রাফট চলাচল করে। গত কয়েক দিনে প্রতিষ্ঠানটির বুকিং ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন থেকে পর্যটন ভিসা বন্ধ রেখেছে। একই পদ্ধতি অনুসরণ করেছে ইল্যান্ড ও আয়ারল্যান্ড। সব ধরনের পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশগুলো থেকে সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশও। বিশ্বের অন্য দেশগুলো করোনা আতঙ্কে ভিসা বন্ধ, ফ্লাইট বাতিল কিংবা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। সব মিলিয়ে বেশ ভয়াবহ অবস্থায় চলে গেছে বিশ্বের আকাশ পরিবহন খাত।

