আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। দীর্ঘ পাঁচ মাস পর প্রতিবেশী দেশটি এমন সময়ে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যখন দেশে পেঁয়াজের ফলন উঠতে শুরু করেছে।
সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়।
এ আদেশে বলা হয়, আগামী ১৫ মার্চ থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হচ্ছে। ন্যূনতম রপ্তানি মূল্যের যে শর্ত ছিল, সেটিও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো মূল্যে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।
খবরটি জানাজানি হওয়ার পর থেকে বাজারে পেঁয়াজের দাম কমছে। বিকল্প দেশ থেকে আমদানি হওয়ার পাশাপাশি দেশীয় পেঁয়াজের দামও কমে যায় এ সময়।
উল্লেখ্য, নিজেদের বাজার সামাল দিতে ভারত গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপরই বাংলাদেশের বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকে। সব মিলিয়ে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দেশের মানুষকে অত্যন্ত চড়া দামে পেঁয়াজ কিনতে হয়েছে। একসময় দেশি পেঁয়াজের কেজি ২৫০ টাকায় ওঠে, যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ।

