রোবট গাড়ি ঠেকাবে করোনা?


রোবট গাড়ি ঠেকাবে করোনা?

চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত দুই হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসের বিস্তার ৪৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এখনও এই রোগের কোনো টিকা বা ওষুধ আবিষ্কৃত হয়নি। করোনা আতঙ্কে চীনে গৃহবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এতে যেমন কাজকর্ম ব্যহত হচ্ছে, তেমনি নিত্য প্রয়োজনীয় জিনিস জোগাড়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই।

এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে চীন। তারই ধারাবাহিকতায়, আক্রান্ত ব্যক্তিদের কাছে পণ্য পৌঁছে দিতে রোবট গাড়ির ব্যবহার শুরু করেছে তারা।

চীনের জনপ্রিয় ডেলিভারি অ্যাপ মেইটুয়ান ডিয়ানপিং বেইজিংয়ের করোনা আক্রান্ত এলাকায় রোবট গাড়ির মাধ্যমে পণ্য পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই গাড়ির মাধ্যমে পণ্যের ডেলিভারি করলে ভাইরাস ছড়ানোর আশঙ্কা কমবে। কারণ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

জানা যায়, সেনজেনে একজন আক্রান্ত ডেলিভারি কর্মীর শরীরের করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়। তিনি এর ১৪ দিন আগে পণ্য ডেলিভারির কাজ করেছিলেন। ফলে নতুন করে আরও চারজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হন।

তাই করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে না গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেই মূলত এই গাড়ি ব্যবহার করা হচ্ছে।