ঈদের শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শনিবার সকাল থেকে গরুও যেমন অঅসছে, সঙ্গে ক্রেতারও ঢলও ছিল লক্ষণীয়।
রাজধানীর বিভিন্ন হাটে ইজারাদার ও ব্যবসায়ীরা জানান, এবার হাটে পর্যাপ্ত গরু উঠবে। এর দুটি কারণ- প্রথমত, দেশে প্রচুর গরু উৎপাদন হয়েছে এবং দ্বিতীয়ত, দেশের বিশাল এলাকায় এবার বন্যা হয়েছে। সে কারণে ওইসব এলাকার মানুষ খাদ্য ও অবকাঠামোগত সমস্যায় গরু বিক্রি করে দিচ্ছেন। এতে পশুর দামও কমবে।
গাবতলী হাটের ইজারাদাররা বলছেন, লাখ টাকার মধ্যে ছোট ও মাঝারি আকারের পশুই বিক্রি হচ্ছে বেশি। শেষদিনে আরো বেচাকেনার আশা করছেন তারা।
হাটে থাকা মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে তাদের অভিযোগ, কাঙ্ক্ষিত দামে বিক্রি করা যাচ্ছে না গরু।

